মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে ‘বিশ্ব বাঙালি মা-বাবা দিবস-১৪৩৩’ উপলক্ষে মা-বাবার সেবায় বিশেষ অবদান রাখা সাতজন নারী-পুরুষকে সম্মাননা দেওয়া হয়েছে। একই সঙ্গে মা-বাবার সেবায় নিয়োজিত ব্যক্তিদের জন্য আজীবন চিকিৎসা সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ‘মা-বাবার সেবা কেন্দ্র’।
গতকাল রোববার (৩১ মে) শ্রীপুর উপজেলার নান্দিয়া সাঙ্গুন ভূঞা বাড়ি সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঈদগাহ মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আফাজ উদ্দিন ও তাঁর স্ত্রী, আরিফ হোসেন, শারফুল মণ্ডলসহ মোট সাতজন নারী ও পুরুষ। নিজ নিজ মা-বাবার সেবায় বিশেষ অবদান রাখায় তাঁদের এই স্বীকৃতি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. শুভ্রাংশু বর্ণাজী বলেন, “বৃদ্ধ মা-বাবার শারীরিক ও মানসিক যত্ন নেওয়া শুধু পারিবারিক দায়িত্ব নয়, এটি মানবিক ও নৈতিক কর্তব্য। পরিবার থেকেই মানবিক মূল্যবোধের চর্চা শুরু হয়।”
মা-বাবার সেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান সেবক সূফি নজরুল খসরু ভূঞা (দরবেশ) বলেন, “মৃত বাবা-মায়ের কুলখানি, চল্লিশা বা শ্রাদ্ধ করার চেয়ে জীবিত অবস্থায় তাদের ওষুধ, পথ্য ও খাবারের ব্যবস্থা করা অনেক বেশি উত্তম। জীবিত মা-বাবার মুখে হাসি ফোটাতে পারাই সন্তানের সবচেয়ে বড় অর্জন।”
তিনি জানান, গত ৩৩ বছর ধরে তাঁরা অসহায় মানুষদের সেবা দিয়ে আসছেন এবং বর্তমানে প্রতিদিন বিনামূল্যে ৮ থেকে ১০ জন অসহায় ও অসুস্থ মানুষকে সেবা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাঁদের।
এআইএল/সকালবেলা