ভুল শব্দচয়নে প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা

প্রকাশ: সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ণ
ভুল শব্দচয়নে প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা

এম. জহিরুল হক মিলন, ফেনী: তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে সংবাদ সম্মেলন ডেকে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক। 

আজ সোমবার (১ জুন) জেলা পরিষদের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সামনে তিনি তাঁর ভুল স্বীকার করেন।

গত শনিবার (৩০ মে) দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর প্রশংসা করতে গিয়ে অধ্যাপক খালেক তাঁকে ভুলবশত "প্রিয় নবী" বলে ফেলেন। এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।

আজ সংবাদ সম্মেলনে অধ্যাপক খালেক বলেন, “মন্ত্রীকে প্রিয় ব্যক্তি বলতে গিয়ে ভুলক্রমে 'প্রিয় নবী' বলে ফেলেছি।” অনিচ্ছাকৃত এই ভুল শব্দচয়নের (Slip of Tongue) জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং জানান যে, এই ঘটনায় তিনি নিজেও অত্যন্ত বিব্রত। তিনি আল্লাহর দরবারে তওবা ও ক্ষমা প্রার্থনা করার কথা ব্যক্ত করেন এবং এর আগে রবিবার বিকেলে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকেও এই বিষয়ে দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দেন।

অধ্যাপক খালেকের এই বক্তব্যকে কেন্দ্র করে বিশিষ্ট ইসলামি স্কলার ড. এনায়েতুল্লাহ আব্বাসী তাঁর ফেসবুক পেজে লেখেন, ইচ্ছায় হোক বা অনিচ্ছায়— এই ধরনের বক্তব্য সুস্পষ্ট কুফর। এর মাধ্যমে ইসলামের মৌলিক বিশ্বাস ‘আক্বিদা খাতমে নুবুওয়্যাতকে’ অস্বীকার করা হয়েছে। তিনি অতিসত্বর জেলা পরিষদ প্রশাসককে বক্তব্য প্রত্যাহার করে মহান আল্লাহর কাছে তাওবা করার আহ্বান জানান। অন্যদিকে, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মতে, এমন বক্তব্য তাঁর অযোগ্যতারই প্রমাণ।

অধ্যাপক খালেকের ফেসবুক পোস্টে মন্তব্য করতে গিয়ে ফেনী পৌর যুবদলের বহিষ্কৃত সদস্যসচিব হায়দার আলী রাসেল পাটোয়ারি গণমাধ্যমকর্মীদের ‘ভুয়া সাংবাদিক’ আখ্যা দিয়ে তাঁদের প্রতিহত করার ডাক দেন, যা সাংবাদিক মহলে হুমকি হিসেবে দেখা দিয়েছে। এ নিয়ে খালেক বলেন, তাঁর ব্যক্তিগত বিষয়ে দলের কোনো নেতাকর্মী অতি উৎসাহ দেখালে তার দায় ওই ব্যক্তিকেই নিতে হবে।

উল্লেখ্য, অধ্যাপক এম এ খালেকের এমন বেফাঁস কথাবার্তা ও কর্মকাণ্ডে বিএনপিকে বারবার বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এর আগে গত ১৬ এপ্রিল এক স্কুল অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিয়ে ভিআইপি প্রটোকল নেওয়া এবং গত বছরের ৭ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজ দলকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তিনি দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন। সেবারও তিনি বক্তব্যটিকে ‘স্লিপ অব টাং’ বলে দুঃখ প্রকাশ করেছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন