ট্রাম্প-শারা বৈঠক: নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা

প্রকাশ: সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ণ
ট্রাম্প-শারা বৈঠক: নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর সিরীয় সমকক্ষ আহমদ আল-শারা এক টেলিফোনিক বৈঠকে সিরিয়ার পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছেন। সিরিয়ার রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রপতির কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেন, সিরিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলোর অবসান ঘটানো দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সামগ্রিক পুনর্গঠনের জন্য একটি মৌলিক ও প্রাথমিক পদক্ষেপ হবে। ট্রাম্পও সিরিয়ার স্থিতিশীলতা রক্ষা এবং দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার ও পুনর্গঠন প্রচেষ্টাকে সমর্থন করার গুরুত্বের ওপর জোর দেন।

আলাপচারিতায় প্রেসিডেন্ট ট্রাম্প আঞ্চলিক নিরাপত্তা, শান্তির স্থায়িত্ব এবং মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি রোধে কূটনীতি ও সংলাপকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন। কথোপকথনকালে দুই নেতাই সিরিয়ার চলমান পুনরুদ্ধার কার্যক্রমের অগ্রগতি এবং বর্তমান আঞ্চলিক পরিস্থিতির সার্বিক পর্যালোচনা করেন।

সূত্র: টিআরটি উর্দু।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন