হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: নিজেদের ন্যায্য অধিকার আদায় এবং সংগঠনে অবমূল্যায়নের প্রতিবাদে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা মৎস্যজীবী দলের শীর্ষ নেতারা।
গতকালে (সোমবার) উপজেলার এক জরুরি সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন হোসেনপুর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম অর্জুন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম অর্জুন বলেন, "আমরা মৎস্যজীবী দলের নেতাকর্মীরা দলের চরম দুর্দিনেও রাজপথ ছেড়ে যাইনি; জীবনের ঝুঁকি নিয়ে দলকে সুসংগঠিত রেখেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এখন সুদিনে আমাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।"
তিনি আরও বলেন, "যদি আমাদের ত্যাগ ও শ্রমের যথাযথ মূল্যায়ন করা না হয়, তবে আমরা আমাদের অধিকার আদায়ে সাধারণ নেতাকর্মীদের সাথে নিয়ে দরকারে রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।"
উক্ত সংবাদ সম্মেলনে উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে অন্যতম হলেন— ১নং জিনারী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আল-আমিন ও সাংগঠনিক সম্পাদক পাবেল খাঁন এবং ৩নং গোবিন্দপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. আকিবুর রহমানসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
আই.ডি/সকালবেলা