এবার আলোচনায় ‘নেতানিয়াহু’, মানুষ দেখলেই দেয় গুঁতো

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
এবার আলোচনায় ‘নেতানিয়াহু’, মানুষ দেখলেই দেয় গুঁতো

কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের পশুর হাটে পশুর চেয়েও বেশি আলোচনা হচ্ছে তাদের নাম নিয়ে। ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ নিয়ে মাতামাতির পর এবার নতুন করে আলোচনায় এসেছে ‘নেতানিয়াহু’ নামের এক ক্ষ্যাপাটে মহিষ। ইসরায়েলের প্রধানমন্ত্রীর নামের সঙ্গে মিল রেখে এই নাম রাখা হয়েছে।

 গোলাপি রঙের এই মহিষটি বিরল অ্যালবিনো জাতের। এর ওজন প্রায় ৭৬০ কেজি। মহিষটি অত্যন্ত বদমেজাজি ও আক্রমণাত্মক। খাবার দিতে গেলেও শিং উঁচিয়ে তেড়ে আসে। এর তীক্ষ্ণ চাহনি এবং অস্বাভাবিক রাগী স্বভাবের কারণেই দর্শনার্থীরা একে ‘নেতানিয়াহু’ নামে ডাকতে শুরু করেন। এটি বর্তমানে বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকার এস এস ক্যাটেল ফার্মে রয়েছে।

মহিষটির নাম ছড়িয়ে পড়লেও কোনো ধরনের আইনি জটিলতা বা বিতর্ক তৈরির আশঙ্কায় খামার কর্তৃপক্ষ নামটি নিয়ে কিছুটা অস্বস্তিতে রয়েছে। খামারের ব্যবস্থাপক মেহেদির মতে, চুলের সিঁথি, চোখের চাহনি আর আগ্রাসী আচরণের কারণে দর্শনার্থীরাই এই নাম দিয়েছেন। তাঁরা নিজেরা এই নাম প্রচার করতে চাচ্ছেন না।

অ্যালবিনো জাতের ব্যতিক্রমী এই মহিষটি দেখতে প্রতিদিন শত শত মানুষ খামারে ভিড় করছেন। খামারের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, এখনো মহিষটির নির্দিষ্ট কোনো দাম নির্ধারণ করা হয়নি। তবে সাধারণত এই জাতের মহিষ কয়েক লাখ টাকায় বিক্রি হয়। এর আগে একই জেলার ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি বিক্রি হয়ে যাওয়ার পর এখন সবার নজর এই ‘নেতানিয়াহু’র ওপর।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন