সীমান্তে লাশ মাড়িয়ে বন্ধুত্ব হতে পারে না: আসিফ নজরুল

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
সীমান্তে লাশ মাড়িয়ে বন্ধুত্ব হতে পারে না: আসিফ নজরুল

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি মন্তব্য করেছেন যে, সীমান্তে লাশ মাড়িয়ে দুই দেশের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব প্রতিষ্ঠিত হতে পারে না।

শুক্রবার (১৫ মে) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি উল্লেখ করেন, গত ১৩ মে লালমনিরহাটের আমঝোল সীমান্তে খাদেমুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্তে এমন হত্যাকাণ্ড আরও ঘটেছে বলে তিনি জানান।

আসিফ নজরুল লেখেন, "এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ করছি। আমি আগেও এ নিয়ে লিখেছি, বলেছি। সরকারে থাকার সময়ও আমরা এসব হত্যাকাণ্ডের শক্ত প্রতিবাদ করতাম, কৈফিয়ত তলব করতাম, সীমান্তে আমাদের কঠোর অবস্থানও ছিল।"

তিনি আরও বলেন, কেউ অবৈধভাবে সীমান্ত পার হতে চাইলে তাকে গ্রেফতার করা যায় বা ফাঁকা গুলি করে থামানো যায়। কিন্তু বিএসএফের ক্ষেত্রে গ্রেফতার বা ফাঁকা গুলির কথা শোনা যায় না, সরাসরি হত্যার খবর পাওয়া যায়। এটি কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য নয় বলে তিনি দাবি করেন।

বর্তমান বিএনপি সরকারকে এই হত্যাযজ্ঞ বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "সীমান্তে লাশ মাড়িয়ে দুটো দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না।"

মন্তব্য করুন