৭০ বছরে প্রথমবার লোকসান হোন্ডার

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
৭০ বছরে প্রথমবার লোকসান হোন্ডার

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা প্রায় ৭০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বার্ষিক লোকসানের মুখে পড়েছে। ১৯৫৫ সালের পর প্রতিষ্ঠানটি আর কখনো এমন আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়নি। মূলত বৈদ্যুতিক গাড়ি (ইভি) প্রকল্প থেকে বড় পরিসরে পিছু হটাই এই লোকসানের প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

হোন্ডার দেওয়া তথ্যমতে, গত মার্চে শেষ হওয়া অর্থবছরে তাদের আয় কমেছে প্রায় ১.৬ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ১০ বিলিয়ন ডলার)। যেখানে কোম্পানিটি ৭.৪ বিলিয়ন ডলার মুনাফার আশা করেছিল, সেখানে উল্টো ৪০৩.৩ বিলিয়ন ইয়েন (প্রায় ২.৬ বিলিয়ন ডলার) নিট লোকসান গুনতে হয়েছে।

বিশ্লেষকদের মতে, হোন্ডার এই বিপর্যয়ের পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে ট্রাম্প প্রশাসন বৈদ্যুতিক গাড়ি কেনার ক্ষেত্রে ৭ হাজার ৫০০ ডলারের কর ছাড় বাতিল করেছে। পাশাপাশি পরিবেশ সংক্রান্ত কঠোর নির্গমন নীতিমালা শিথিল করায় যুক্তরাষ্ট্রে ইভির চাহিদা ও বিক্রি কমে গেছে। ভবিষ্যতে কঠোর পরিবেশ আইন আসবেএমন ধারণা থেকে হোন্ডা ইভি খাতে বিপুল অর্থ বিনিয়োগ করেছিল। কিন্তু নীতিগত পরিবর্তনের ফলে সেই বিনিয়োগের বাজারমূল্য কমে যাওয়ায় কোম্পানিটি বড় ক্ষতির মুখে পড়েছে। বৈশ্বিক বাজারে বিশেষ করে চীনের ইভি নির্মাতাদের ক্রমবর্ধমান প্রতিযোগিতাও হোন্ডার ব্যবসায় বড় চাপ সৃষ্টি করেছে।

হোন্ডার মতো জেনারেল মোটরস, ফোর্ড এবং স্টেলান্টিসের মতো বড় প্রতিষ্ঠানগুলোও ইভি খাতে ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে ইউরোপ ও এশিয়ার অন্যান্য বাজারে কঠোর পরিবেশ আইন কার্যকর হওয়ার সম্ভাবনা থাকায় কোম্পানিগুলো পুরোপুরি ইভি পরিকল্পনা বাদ দিচ্ছে না। বর্তমানে অনেক প্রতিষ্ঠান লোকসান সামাল দিতে পুনরায় পেট্রোল চালিত ট্রাক ও এসইউভি বিক্রিতে মনোযোগ বাড়াচ্ছে।জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন