ঈদে ক্যাপিটাল ড্রামায় অপূর্বর ‘অচেনা আমি’

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
ঈদে ক্যাপিটাল ড্রামায় অপূর্বর ‘অচেনা আমি’

বিনোদন ডেস্ক: আসন্ন কোরবানি ঈদে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর লেখা গল্প ও চিত্রনাট্যে আসছে বিশেষ নাটক ‘অচেনা আমি’। নাটকে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা। নাটকটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

অপূর্বর গল্পে এর আগে অনেক নাটক নির্মিত হলেও, চিত্রনাট্যকার হিসেবে এটি তাঁর দ্বিতীয় কাজ। প্রায় ১০-১২ বছর আগে নিজের পরিচালিত একটি টেলিফিল্মের চিত্রনাট্য লিখেছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর আবারও চিত্রনাট্য লিখলেন এই অভিনেতা। পরিচালক অংশু জানান, অপূর্বর গল্প বলার ধরন এবং সিকোয়েন্স সাজানোর দক্ষতা অত্যন্ত সিনেমাটিক, যা দর্শককে নতুন এক অভিজ্ঞতা দেবে।

অচেনা আমি’ মূলত একটি রোমান্টিক ঘরানার নাটক। তবে প্রেমের পাশাপাশি এখানে মানুষের জীবনের গভীর উপলব্ধি এবং প্রিয়জনকে হারিয়ে খুঁজে পাওয়ার গল্প গুরুত্ব পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকের পোস্টার শেয়ার করে অপূর্ব লিখেছেন, “সব চেহারাই কি চেনা? নাকি সব চেনা মানুষের আড়ালেও লুকিয়ে থাকে এক অচেনা আমি?”

কোরবানি ঈদের দ্বিতীয় দিন ‘ক্যাপিটাল ড্রামা’ (Capital Drama) ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত করা হবে। উল্লেখ্য, ২০০৭ সালে অপূর্বর প্রথম গল্পে চয়নিকা চৌধুরী নির্মাণ করেছিলেন ‘স্বপ্নের নীল পরী’। এরপর থেকে নিয়মিত বিরতিতে তাঁর গল্পে বেশ কিছু জনপ্রিয় নাটক নির্মিত হয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন