ওটিটিতেও দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ণ
ওটিটিতেও দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘রকস্টার’ প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’। গত রোববার দুপুরে এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে চরকি ও সিনেমাটির নির্মাতা কর্তৃপক্ষ।

গত ৫ মে টিজার প্রকাশের পর থেকেই শাকিব খানের ‘রকস্টার’ লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে শাকিবের এই ভিন্নধর্মী উপস্থিতি দর্শকদের মাঝে দারুণ কৌতূহল তৈরি করেছে।

সিনেমার নির্মাতা আজমান রুশো জানান, বাস্তব জীবনের রকস্টারদের উত্থান-পতন এবং একজন শিল্পীর সংগ্রামের গল্প থেকেই এই সিনেমার ধারণা। এটি কেবল বিনোদন নয়, বরং শিল্পীর ব্যক্তিগত জীবনের গভীর বাস্তবতাকে সেলুলয়েডে তুলে ধরবে। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, প্রেক্ষাগৃহ ও ওটিটির সমন্বয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে শক্তিশালী করতেই তারা এই বিগ বাজেটের সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন।

সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এই সিনেমার সব গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব। চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি।

ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে মুক্তির পর সিনেমাটি চরকি অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে। তবে ওটিটি মুক্তির নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন