মডেল মারিয়া মিমের একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে দেওয়া ওই পোস্টে তিনি নাম উল্লেখ না করে একজনকে ‘ভণ্ড হুজুর’ বলে সম্বোধন করেছেন।
মারিয়া মিম তার পোস্টে লিখেছেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’ তার এই পোস্টের নিচে নেটিজেনদের মন্তব্যের ঝড় উঠেছে। অধিকাংশ মন্তব্যকারীই মিমের এই ইঙ্গিত তার সাবেক স্বামী, অভিনেতা সিদ্দিকুর রহমানের দিকে বলে ধারণা করছেন।
দীর্ঘ ১১ মাস কারাভোগের পর গত ১৮ মার্চ মুক্তি পান অভিনেতা সিদ্দিকুর রহমান। জেল থেকে ফেরার পর তার বাহ্যিক অবয়বে বড় পরিবর্তন আসে—তিনি নিয়মিত টুপি পরা শুরু করেন এবং দাড়ি রাখেন। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে তিনি নিজেকে ‘আলোর পথের যাত্রী’ হিসেবে দাবি করেন এবং এক পর্যায়ে মারিয়া মিমকে নিজের ‘দুর্বল জায়গা’ হিসেবেও উল্লেখ করেন। ধারণা করা হচ্ছে, সিদ্দিকের এসব ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার বিষয়টি পছন্দ হয়নি মিমের।
সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও সাবেক স্বামী সংক্রান্ত প্রশ্নে মেজাজ হারিয়ে সাংবাদিকদের মাইক্রোফোন বা বুম ছুড়ে ফেলে দিয়ে আলোচনায় এসেছিলেন মিম। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই নতুন পোস্ট তাকে আবারও আলোচনায় নিয়ে এল।
উল্লেখ্য, ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া সিদ্দিক ও মিমের ২০১৯ সালে বিচ্ছেদ ঘটে। তাদের আরশ হোসাইন নামে একটি পুত্রসন্তান রয়েছে। বিচ্ছেদের পর থেকেই বিভিন্ন সময় এই সাবেক দম্পতি একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুড়িতে লিপ্ত হয়েছেন। তবে সর্বশেষ মন্তব্যের বিষয়ে মিম সরাসরি কারো নাম পরিষ্কার করেননি।