পাকিস্তানের বিপক্ষে চলমান মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১০১ রানের দুর্দান্ত সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসেও ম্যাজিক ফিগারের খুব কাছে ছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে মাত্র ১৩ রানের আক্ষেপ নিয়ে ৮৭ রানে সাজঘরে ফেরায় এক অনন্য বিশ্বরেকর্ড ছোঁয়া হলো না তার।
পাকিস্তানের দেওয়া লক্ষ্যমাত্রা বড় করার মিশনে দ্বিতীয় ইনিংসে দায়িত্বশীল ব্যাটিং করছিলেন শান্ত। তবে ব্যক্তিগত ৮৭ রানে নোমান আলির বলে রিভার্স সুইপ করতে গিয়ে লেগ বিফোর আউটের ফাঁদে পড়েন তিনি। রিভিউ নিলেও সিদ্ধান্ত পাল্টায়নি। এর আগে ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে এবং ২০২৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার বিরল কীর্তি গড়েছিলেন শান্ত।
আজ যদি শান্ত সেঞ্চুরি পূর্ণ করতে পারতেন, তবে বিশ্বের মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে তিন টেস্টে 'জোড়া সেঞ্চুরি'র বিশ্বরেকর্ডে নাম লেখাতেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত কেবল সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার তিনবার করে এই কীর্তি গড়েছেন। ১৩ রানের আক্ষেপে এই কিংবদন্তিদের তালিকায় ভাগ বসানো হলো না টাইগার অধিনায়কের।
শান্তর বিদায়ের পর বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ২৪০ রানে (৯ উইকেট) ঘোষণা করা হয়। প্রথম ইনিংসের লিডসহ পাকিস্তানকে জয়ের জন্য ২৬৮ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে শান্তর ৮৭ ছাড়াও মুমিনুল হক করেছেন ৫৬ রান। পাকিস্তানের পক্ষে হাসান আলি ও নোমান আলি ৩টি করে উইকেট শিকার করেন।