এম. জহিরুল হক মিলন, ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদক সেবনের টাকা না পেয়ে রাফি নামের এক যুবকের ছুরিকাঘাতে তাঁর মা লাকি বেগম নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঘাতক যুবকের বাবা মোস্তফা ও বোন মিথিলা।
বিশ্ব মা দিবসের রাতে (১০ মে) সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ৯টার দিকে দিলপুর গ্রামের মকবুল হুজুর বাড়িতে মাদকাসক্ত রাফি তাঁর মা লাকি বেগমের কাছে নেশার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে রাফি ক্ষিপ্ত হয়ে মাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এ সময় তাঁকে বাঁচাতে বাবা মোস্তফা ও বোন মিথিলা এগিয়ে এলে তাঁদেরকেও ছুরিকাঘাত করে জখম করা হয়।
আহতদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার কবির মা লাকি বেগমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, বাবা মোস্তফা ও বোন মিথিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজীম জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘাতক ছেলে রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তাঁর মাকে হত্যার কথা স্বীকার করেছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মা দিবসের দিনে এমন মর্মান্তিক হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ.আই.এল/সকালবেলা