রাইড শেয়ারিং অ্যাপ থেকে বেরিয়ে এখন একটি ‘সুপার অ্যাপ’ হওয়ার পথে হাঁটছে বৈশ্বিক প্রতিষ্ঠান উবার। যুক্তরাষ্ট্রে নিজেদের প্ল্যাটফর্মে হোটেল বুকিং, রেস্তোরাঁ রিজার্ভেশন ও অনলাইন শপিংয়ের মতো নতুন ডিজিটাল সেবা যুক্ত করার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। মূলত ব্যবহারকারীদের সব ধরনের প্রয়োজন এক অ্যাপে মেটাতেই এই উদ্যোগ।
সম্প্রতি নিউইয়র্কে উবারের বার্ষিক ‘গো-গেট’ অনুষ্ঠানে বেশ কিছু চমকপ্রদ সেবার কথা জানানো হয়েছে
ট্রাভেল কোম্পানি 'এক্সপিডিয়া গ্রুপের' সাথে অংশীদারত্বের মাধ্যমে এখন উবার অ্যাপেই বিশ্বের সাত লাখের বেশি হোটেল বুক করা যাবে।জনপ্রিয় প্ল্যাটফর্ম 'ওপেন টেবিল'-এর সহায়তায় রেস্তোরাঁ বুকিং সুবিধা পাওয়া যাবে।এই ফিচারের মাধ্যমে উবার প্ল্যাটফর্মের বাইরে থাকা দোকান থেকেও পণ্য অর্ডার করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
উবারের প্রযুক্তি প্রধান প্রভীন নেপ্পালি নাগা জানান, এশিয়ায় সুপার অ্যাপ ধারণা সফল হলেও যুক্তরাষ্ট্রে এটি এখনও চ্যালেঞ্জিং। উবার তাদের সাবস্ক্রিপশন সেবা ‘উবার ওয়ান’ (Uber One) এর মাধ্যমে গ্রাহকদের ধরে রাখতে চাইছে। উবার ওয়ান সদস্যরা নির্দিষ্ট হোটেলে ২০ শতাংশ পর্যন্ত ছাড় এবং ক্যাশব্যাক সুবিধা পাবেন। ভবিষ্যতে ফ্লাইট বুকিং বা আর্থিক সেবাও যুক্ত করার ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি।
উবারের এই উদ্যোগকে চ্যালেঞ্জ জানাচ্ছে এয়ারবিএনবি (Airbnb) এবং ইলন মাস্কের ‘এক্স’ (সাবেক টুইটার)। এক্স বর্তমানে ‘এক্স মানি’ নামে ডিজিটাল পেমেন্ট সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে। তবে উবারের বড় শক্তি হলো তাদের ১৯ কোটি ৯০ লাখ মাসিক সক্রিয় ব্যবহারকারী। বিশেষ করে তাদের ডেলিভারি সেবা ‘উবার ইটস’-এর আয় আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ বেড়ে ৫০৭ কোটি ডলারে পৌঁছেছে, যা সুপার অ্যাপ হিসেবে তাদের এগিয়ে দিচ্ছে।
জান্নাত/সকালবেলা