ক্রীড়া ডেস্ক: মিরপুর টেস্টের চতুর্থ দিনের শুরুটা ভালো হলো না বাংলাদেশ দলের। দিনের শুরুতেই দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
বিনা উইকেটে ৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে তখন লিড ছিল ৩৪ রান। তবে সকালে পাকিস্তানি পেসারদের তোপে দ্রুতই পথ হারায় স্বাগতিকদের টপ অর্ডার। প্রথমে মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান। প্রথম ইনিংসে ৮ রান করা এই ওপেনার দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ৫ রান। দলের সংগ্রহ তখন ১৫ রান।
মাহমুদুলের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি সাদমান ইসলামও। দিনের প্রথম ওভারে আক্রমণে এসেই সফল হন হাসান আলী। সামনে পা বাড়িয়ে খেলতে গিয়ে বাড়তি বাউন্সে পরাস্ত হন সাদমান; ব্যাটের কানায় লেগে গালিতে দাঁড়ানো সৌদ শাকিলের হাতে ক্যাচ দেন তিনি। ২২ বলে ১০ রান করে ফেরেন এই ওপেনার।
২৩ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরতে ক্রিজে যোগ দিয়েছেন প্রথম ইনিংসের দুই সফল ব্যাটার মমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এখন এই জুটির ওপরই নির্ভর করছে বাংলাদেশের লিড কতটা বড় হবে।
জান্নাত/সকালবেলা