ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের কিছু খোলামেলা কথা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের কাজের অভিজ্ঞতা, ভাইরাল হওয়ার প্রবণতা এবং বর্তমান ও প্রাক্তন জীবনসঙ্গী নিয়ে নিজের ভাবনার কথা জানান তিনি।
এটা আমাদেরই গল্প’ নাটকে অসামান্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কেয়া পায়েল। পুরস্কারটি পুরো টিমের উদ্দেশ্যে উৎসর্গ করে তিনি বলেন, “এই গল্পের মেহেরিন চরিত্রটি আমার কাছে খুব বিশেষ। এর একটি মৃত্যু দৃশ্যের শুটিং করার সময় সেটের পরিবেশ এতটাই ভারি হয়ে গিয়েছিল যে সারাদিন কেউ কারো সঙ্গে কথা বলতে পারিনি। দর্শক এই গল্পের সঙ্গে নিজেদের জীবনকে মেলাতে পেরেছেন বলেই এটি এত জনপ্রিয়তা পেয়েছে।”
ভাইরাল হওয়া নিয়ে নিজের অনাগ্রহ প্রকাশ করে পায়েল বলেন, “আমি চাই কাজ দিয়ে মানুষ আমাকে মনে রাখুক। ভাইরালের চেয়ে কাজের মাধ্যমে মানুষের সম্মান পাওয়া একজন শিল্পীর জন্য বড় সার্থকতা। আমি সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই, শুধু সাময়িক ভাইরাল হয়ে হারিয়ে যেতে চাই না।”
সাক্ষাৎকারের একপর্যায়ে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে কেয়া পায়েল বেশ স্পষ্ট মন্তব্য করেন। তিনি বলেন, “আমার কাছে প্রিয় তো অবশ্যই আমি নিজে। আর প্রাক্তন তো প্রাক্তনই। তার প্রতি অতীতে যে ভালোবাসা ছিল, তা তো কখনো পুরোপুরি ফুরায় না। এক ধরনের ভালোবাসা সারাজীবনই থেকে যাবে। তবে বর্তমানে যিনি আমার জীবনসঙ্গী বা স্বামী, আমার জীবনে সবার উপরে তার অবস্থান।”
সাম্প্রতিক সময়ে নিজেকে ভেঙে ‘পাগল’ বা ‘কুৎসিত’ চেহারার চরিত্রে অভিনয় করেও দর্শকের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।
জান্নাত/সকালবেলা