রোববার (১০ মে) রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
‘মারকা-ই-হক’ ও অপারেশন ‘বুনইয়ান-উম-মারসুস’-এর এক বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসিম মুনির বলেন, পাকিস্তানকে সামরিক ও কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার যে লক্ষ্য ভারত নিয়েছে, তা কখনো সফল হবে না।
সেনাপ্রধান তাঁর ভাষণে দাবি করেন, ‘মারকা-ই-হক’ কোনো সাধারণ সামরিক সংঘর্ষ ছিল না; এটি ছিল দুই মতাদর্শের লড়াই। ২০২৫ সালের মে মাসে ঘটে যাওয়া ঘটনাগুলোকে ভারতের দীর্ঘদিনের বৈরিতার ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও জনগণ কোনো ভয়ভীতিতে পিছপা হবে না।
অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের পাশাপাশি বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।