আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহার সারার ফের বিচ্ছেদ হয়েছে। দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মাথায় আবারও আলাদা হলেন এই দম্পতি। শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবিকুন্নাহার সারা জানান, পারিবারিক অশান্তি ও দীর্ঘদিনের মতবিরোধের জেরে তাদের সম্পর্কের অবনতি ঘটে। পরিস্থিতি প্রতিকূলে থাকায় তারা চূড়ান্তভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ‘আমরা নতুনভাবে সংসার শুরু করার চেষ্টা করেছিলাম, কিন্তু নানা কারণে সেই সম্পর্ক আর টেকেনি। শেষ পর্যন্ত রমজানের চাঁদরাতে আমাদের বিচ্ছেদ হয়ে যায়।’
জানা যায়, গত বছরের ২১ অক্টোবর দীর্ঘদিনের কলহের জেরে তাদের প্রথম বিচ্ছেদ হয়। পরবর্তীতে দুই পরিবারের মধ্যস্থতায় ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে গত ২ ডিসেম্বর তারা আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে পুনর্মিলনের চার মাসের মাথায় সেই সংসারও টেকেনি।
রংপুরের তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে ধর্মীয় আলোচনার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ২০২৩ সালের জুনে তিন সঙ্গীসহ নিখোঁজ হওয়ার ঘটনায় তিনি দেশজুড়ে আলোচনায় এসেছিলেন। আট দিন পর ফিরে আসার পর জানা যায়, তিনি ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন।
সাম্প্রতিক বিচ্ছেদের বিষয়ে আবু ত্বহা আদনানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জান্নাত/সকালবেলা