গোবিপ্রবি লাইব্রেরিতে আসন সংকট: ভোগান্তিতে শিক্ষার্থীরা

প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ণ
গোবিপ্রবি লাইব্রেরিতে আসন সংকট: ভোগান্তিতে শিক্ষার্থীরা

মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে তীব্র আসন সংকট দেখা দিয়েছে। ১০ হাজার শিক্ষার্থীর বিপরীতে আসন রয়েছে মাত্র ২০০টি, অর্থাৎ প্রতি ৫০ জন শিক্ষার্থীর জন্য বরাদ্দ মাত্র একটি আসন। ফলে প্রতিদিন অনেক শিক্ষার্থীকে লাইব্রেরি থেকে ফিরে যেতে হচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, লাইব্রেরিতে পর্যাপ্ত আসন না থাকার পাশাপাশি ইন্টারনেট সুবিধার অভাব এবং বিভাগভিত্তিক বইয়ের স্বল্পতা রয়েছে। ৩৬ হাজারের বেশি বই থাকলেও নিয়মিত কোর্সভিত্তিক সব বই পাওয়া যায় না। নেই কোনো আন্তর্জাতিক জার্নাল, ই-বুক অ্যাপস বা কম্পিউটার ব্যবহারের সুবিধা। লাইব্রেরির আশেপাশে হৈচৈয়ের কারণে পড়াশোনার পরিবেশও বিঘ্নিত হচ্ছে।

ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান নাসিরুল ইসলাম জনবল ও বাজেট সংকটের কথা উল্লেখ করে বলেন, ৪ তলা ভবনের পরিকল্পনা থাকলেও বর্তমানে মাত্র ২ তলায় কার্যক্রম চলছে। উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর জানান, বাজেট স্বল্পতার কারণে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। তবে নতুন বই কেনার জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে এবং আসবাবপত্রের সংকটগুলোও পর্যায়ক্রমে সমাধান করা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন