প্রধানমন্ত্রীর ওপর অনাস্থা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর ওপর  অনাস্থা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের প্রশাসনে বড় ধরনের ধস নেমেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বের ওপর অনাস্থা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিয়েছেন ওয়েস স্ট্রিটিং। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি চিঠির মাধ্যমে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রীর পদ ছাড়ার কারণ হিসেবে স্ট্রিটিং সরাসরি উল্লেখ করেছেন যে, বর্তমান প্রধানমন্ত্রী কেইর স্টারমারের নেতৃত্বের ওপর তিনি ‘পুরোপুরি আস্থা হারিয়েছেন’। নিজের অব্যাহতিপত্রে তিনি কড়া ভাষায় লিখেছেন:

“কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর আমার আর কোনো আস্থা নেই। এই অবস্থায় সরকারের অংশ হয়ে থাকাটা হবে নীতিহীন এবং সম্মানহানিকর কাজ।”

যুক্তরাজ্যের সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন দল লেবার পার্টির প্রার্থীদের শোচনীয় ভরাডুবি ঘটেছে। এই পরাজয়ের পর থেকেই দলের ভেতরে ও বাইরে তীব্র চাপের মুখে আছেন প্রধানমন্ত্রী স্টারমার। স্ট্রিটিংয়ের পদত্যাগের আগে তাঁর প্রতি অনাস্থা জানিয়ে ইতোমধ্যে চারজন সহকারী মন্ত্রী পদত্যাগ করেছেন। সর্বশেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী জুবাইর আহমেদ পদত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই পূর্ণ মন্ত্রী স্ট্রিটিংও একই পথ অনুসরণ করলেন।

বিবিসি বাংলার তথ্যমতে, ওয়েস স্ট্রিটিংয়ের এই আকস্মিক পদত্যাগ যুক্তরাজ্যের বর্তমান রাজনীতিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। এটিকে স্টারমার প্রশাসনের জন্য একটি ‘মরণকামড়’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শুধু মন্ত্রীরাই নন, খোদ লেবার পার্টির ৮৬ জন এমপি ইতোমধ্যে স্টারমারকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, স্থানীয় নির্বাচনে পরাজয় এবং একের পর এক মন্ত্রীর পদত্যাগ স্টারমার সরকারের অস্তিত্বকে সংকটের মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তার প্রকাশ্য অনাস্থা ব্রিটিশ জনগণের কাছে সরকারের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এখন দেখার বিষয়, স্টারমার এই গণ-অনাস্থার মুখে কতক্ষণ ক্ষমতায় টিকে থাকতে পারেন।

মন্তব্য করুন