সামসুজ্জামান সুমন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্না বলেছেন, নীলফামারীর মানুষ আর অন্ধকারে থাকবে না; সকল খাতে উন্নয়নের মাধ্যমে জেলাকে আলোকিত করা হবে।
মঙ্গলবার (৫ মে) কিশোরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এমপি বিলকিস ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া সুযোগ কাজে লাগিয়ে সবার সহযোগিতায় নীলফামারী একটি স্বনির্ভরশীল জেলা হিসেবে গড়ে উঠবে। তিনি অভিযোগ করেন যে, বিগত সরকার এই অঞ্চলকে উন্নয়ন বঞ্চিত করেছে। এলাকার মানুষ হিসেবে সামাজিক ও রাজনৈতিক মাঠে থাকার কথা উল্লেখ করে তিনি সকলকে যার যার অবস্থান থেকে এলাকার উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি এস এম ওবায়দুর রহমান এবং সাধারণ সম্পাদক শাহীন আকতার।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম এবং দেলোয়ার হোসেন।
এ.আই.এল/সকালবেলা