তানভীরুল ইসলাম, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে নাদিয়া আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ চেষ্টার সময় ইসরাত জাহান মীম (২০) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলার আদর্শনগর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিশু নাদিয়া সহপাঠীদের সঙ্গে প্রাইভেট পড়তে গেলে অভিযুক্ত মীম নিজেকে তার ‘আন্টি’ পরিচয় দিয়ে কৌশলে ভুলিয়ে একটি মোটরসাইকেলে তুলে নেন। বিশ্বাস অর্জনের জন্য মীম শিশুটির মায়ের নাম ও স্কুলের তথ্য ব্যবহার করেন। পরে তিনি শিশুটিকে জানান যে, তার মা মোহনগঞ্জ শহর থেকে মিষ্টি আলু কিনে আনতে বলেছেন। নাদিয়া বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন এবং একপর্যায়ে মোহনগঞ্জ শহরের বিএনপি অফিস মোড়ে শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয়রা অভিযুক্ত তরুণীকে আটক করে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন আজ বুধবার দুপুরে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মীম স্বীকার করেছেন যে শিশুটিকে অপহরণ করে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তিনি একটি মানব পাচারচক্রের হয়ে কাজ করেন এবং শিশুটিকে তাদের হাতে তুলে দেওয়ার কথা ছিল।
আটক মীম পার্শ্ববর্তী আটপাড়া উপজেলার সোনকানিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে। তাঁর বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে পাচারচক্রের আরও কয়েকজনের নাম পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ.আই.এল/সকালবেলা