কয়রা, (খুলনা): খুলনার উপকূলীয় উপজেলা কয়রা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) সকাল ১০টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের হারানো গৌরব ফিরিয়ে আনা এবং পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
ক্লাবের নবনির্বাচিত সভাপতি শেখ হারুন অর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নিতিশ সানা ও মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জি এম মোনায়েম, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোস্তফা রিজওয়ানুল করিম এবং নির্বাহী সদস্য শেখ সিরাজুদ্দৌলা লিংকন ও কামাল হোসেনসহ অন্যন্য নেতৃবৃন্দ।
সভায় উদ্বোধনী বক্তব্যে সভাপতি শেখ হারুন অর রশীদ বলেন, বিগত সময়ে রাজনৈতিক প্রভাবে একটি বিশেষ গোষ্ঠী ঐতিহ্যবাহী এই ক্লাবটিকে কুক্ষিগত করে রেখেছিল। অপেশাদার কর্মকাণ্ড ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার ফলে প্রতিষ্ঠানটি ধ্বংসের মুখে পড়েছিল। তিনি আরও জানান, ২০২৪ সালে সাধারণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ক্লাবটি সেই অচলায়তন থেকে মুক্ত হয়েছে। এখন থেকে মেধা ও শ্রমের মাধ্যমে কয়রা প্রেসক্লাব পুনরায় সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা বলার বিশ্বস্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
সভায় ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ.আই.এল/সকালবেলা