রাবির ১১ হলে ছাত্রলীগের কমিটি ঘোষণা!

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ণ
রাবির ১১ হলে ছাত্রলীগের কমিটি ঘোষণা!

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ১১টি আবাসিক হলে ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে। সোমবার (৪ মে) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব তাঁর ফেসবুক আইডিতে এই কমিটির তালিকা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব স্বাক্ষরিত এই তালিকায় প্রতিটি হলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

ছাত্রলীগের এই কমিটি ঘোষণাকে ‘হাস্যকর ও বাস্তবতাবিবর্জিত’ বলে আখ্যা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। তিনি বলেন, সংগঠনটি নিষিদ্ধ এবং তাদের নেতৃত্ব পলাতক ও শিক্ষার্থীদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।

অন্যদিকে, ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় সভাপতি মুজাহিদ ফয়সাল একে ‘অস্থিতিশীল করার ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন যে, কমিটিতে স্থান পাওয়া ব্যক্তিরা জুলাই-আগস্টে ছাত্রদের ওপর হামলাসহ সিট বাণিজ্য, চাঁদাবাজি ও নারী নির্যাতনের মতো নানা অপরাধে জড়িত। গণতান্ত্রিক ছাত্রজোটের মুখপাত্র ফুয়াদ রাতুল বলেন, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ছাত্রলীগের রাজনীতি করার প্রাসঙ্গিকতা নেই।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম জানিয়েছেন, নিষিদ্ধ কোনো সংগঠন ক্যাম্পাসে প্রকাশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। তিনি আরও জানান, তাদের অনলাইনকেন্দ্রিক কার্যক্রমের বিষয়টি গোয়েন্দা সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো হবে এবং যথাযথ বিচার না হওয়া পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ে কোনো সুযোগ পাবে না।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন