শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ মে) সকালে মোকামতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা শাকিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা খাদ্য পরিদর্শক ফারুক হোসেন, মোকামতলা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব প্রামাণিক এবং স্থানীয় ব্যবসায়ী রবিউল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হুদা শাকিল বলেন, কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, কোনো ধরনের অনিয়ম বা দালালচক্রের প্রভাব ছাড়াই সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করতে হবে, যাতে তারা প্রকৃতভাবে উপকৃত হয় এবং দেশের খাদ্য নিরাপত্তা শক্তিশালী হয়। তিনি কার্যক্রমের স্বচ্ছতা ও সঠিক ব্যবস্থাপনার ওপর বিশেষ জোর দেন।
অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে ধান গ্রহণের মাধ্যমে সংগ্রহ কার্যক্রম শুরু হয়।
এ.আই.এল/সকালবেলা