ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে গত রোববার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মা ও ছেলেসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, রোববার রাত পৌনে ১২টার দিকে কালিয়াকৈর বাজার এলাকার মুনজুর আলীর ভাড়া বাড়িতে মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়না বেগম ওরফে কাজলী (৫২) ও তাঁর ছেলে সালাম মিয়াকে (২২) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ১৪৫০ টাকা উদ্ধার করে পুলিশ। অপরদিকে, একই রাতে সাড়ে ১১টার দিকে উপজেলার লতিফপুর জোড়াব্রীজ এলাকা থেকে মাদক বেচাকেনার সময় আসিফ (২২) ও আসিক রানাকে (৩৫) ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম পিপিএম জানান, সমাজ থেকে মাদক নির্মূলে তাঁদের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।
এ.আই.এল/সকালবেলা