শ্রমিকদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

আমিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ণ
শ্রমিকদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

সকালবেলা প্রতিবেদন: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের হৃদয় জয় করে একের পর এক সাফল্য অর্জন করছেন। তিনি ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষা করে ব্যাংক ও অর্থনীতি পুনর্গঠনে দিনরাত কাজ করছেন।” 

শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক বিশাল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র কাঠামো নতুন করে গড়ে তুলছেন। তিনি কেবল একজন প্রধানমন্ত্রী নন, বরং মেহনতি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সংসদে তাঁর দেওয়া বক্তব্যের প্রশংসা করে মন্ত্রী বলেন, “গতকাল সংসদে তিনি সত্যিকারের একজন রাষ্ট্রনায়কের মতো বক্তব্য রেখেছেন। তিনি এমন এক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান যেখানে প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত হবে।”

বিগত আন্দোলনে শহীদ শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী হকারদের পুনর্বাসনের মানবিক উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। একইসাথে তিনি শ্রমিকদের জন্য ‘ন্যূনতম মজুরি’ নির্ধারণের দাবি জানিয়ে বলেন, “শ্রমিকদের সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করতে হবে এবং চা শ্রমিকসহ পিছিয়ে পড়া মেহনতি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।”

তারেক রহমানকে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিনি সেই মহান নেতা-নেত্রীর সন্তান যারা সারা জীবন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে লড়াই করেছেন। আজকের এই ঐতিহাসিক সমাবেশ প্রমাণ করে যে, দেশের শ্রমিক শ্রেণি ও সাধারণ মানুষ তাঁর নেতৃত্বের ওপর পূর্ণ আস্থাশীল।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন