জুয়েল রানা, চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে সলঙ্গা থানা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সকাল সাড়ে ৯টায় সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি থানা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়। ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগানে মুখরিত এই র্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর আমির রাশিদুল ইসলাম (শহীদ)। বক্তারা বলেন, "মে দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক।" তাঁরা বর্তমান প্রেক্ষাপটে শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক চেয়ারম্যান এবি এম আব্দুর ছাত্তার, সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সোলাইমান হোসেন এবং সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রাকিবুর ইসলাম। এছাড়াও সলঙ্গা থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা