অনলাইন ডেস্ক: অসুস্থ হজযাত্রী গোলাম মোস্তফার (৭৪) শারীরিক অবস্থার খোঁজ নিতে গভীর রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ছুটে গেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
বৃহস্পতিবার রাতে তিনি হাসপাতালে গিয়ে ওই হজযাত্রীর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।
হাসপাতালে অবস্থানকালে ধর্মমন্ত্রী অসুস্থ হজযাত্রীর শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাঁর স্বজনদের সাথে কথা বলে সান্ত্বনা দেন। এ সময় তিনি হাসপাতালের পরিচালক ও কর্তব্যরত চিকিৎসকদের সাথে চিকিৎসার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ধর্মমন্ত্রী ওই হজযাত্রীর উন্নত ও সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ অনুরোধ জানান।
জানা গেছে, গোলাম মোস্তফা সস্ত্রীক হজে যাওয়ার উদ্দেশ্যে হজক্যাম্পে আসার পথেই অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় তাঁকে ক্যাম্পে আনা হলে প্রাথমিক পরীক্ষায় তাঁর রক্তে উচ্চমাত্রার সুগার ধরা পড়ে। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ও অপরিবর্তিত রয়েছে।
ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ (শুক্রবার) রাত ৯টা ১০ মিনিটে এই হজযাত্রীর নির্ধারিত ফ্লাইট রয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় রেখে চিকিৎসকদের চূড়ান্ত পরামর্শ অনুযায়ী হজে যাওয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এ.আই.এল/সকালবেলা