আবু রায়হান, রংপুর ব্যুরো: ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং সেইফটি দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তারা শ্রমিকের ন্যায্য অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।
রংপুর জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোঃ আব্দুল মোতালেব সরকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, "শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল ভিত্তি। কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।" তিনি শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের শ্রমিক আন্দোলনের ইতিহাস স্মরণ করেন। তিনি বলেন, পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে নির্মাণ ও কলকারখানার শ্রমিকদের কঠোর পরিশ্রমেই আধুনিক সভ্যতা গড়ে উঠেছে। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. রোকসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জান, জেলা শ্রমিক দলের সদস্য সচিব মো: শামিম এবং মটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী প্রমুখ।
এ.আই.এল/সকালবেলা