আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইন এবং উপসাগরীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে ইরানকে অবিলম্বে হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছেন বাহরাইনের বাদশাহ হামাদ বিন ঈসা আল খলিফা।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘বাহরাইন নিউজ এজেন্সি’তে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, বাহরাইন দীর্ঘদিন ধরে ইরানের ‘ভয়াবহ আগ্রাসনের’ লক্ষ্যবস্তু হয়ে আছে, যা দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইরান দাবি করেছিল যে তারা কেবল এই অঞ্চলে মার্কিন স্বার্থ ও লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। তবে প্রকৃতপক্ষে তাদের হামলাগুলো জ্বালানি অবকাঠামো, বিমানবন্দর, আবাসিক ভবন এবং বিভিন্ন হোটেলের মতো বেসামরিক স্থানগুলোতে আঘাত হেনেছে। বাহরাইন জানিয়েছে, গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৯৪টি ইরানি মিসাইল এবং ৫২৩টি ড্রোন ধ্বংস করেছে।
বাদশাহ হামাদ দেশের ভেতরে শত্রুদের সাথে যোগসাজশকারীদের কঠোর সমালোচনা করে একে ‘ক্ষমার অযোগ্য বিশ্বাসঘাতকতা’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “নাগরিকত্ব কেবল কাগজের টুকরো নয়, এটি একটি অঙ্গীকার। যারা এই অঙ্গীকার ভঙ্গ করবে, তারা নাগরিকত্বের অধিকার হারাবে।” সাম্প্রতিক নিরাপত্তা অভিযানে বাহরাইন ইতিমধ্যেই ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছে এবং ইরানের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ও তেল আবিবের বিমান হামলার প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় ছয়টি দেশে হামলা শুরু করে। মার্চ মাসে বাহরাইনে ১৪ জনের বিরুদ্ধে ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়। এছাড়া হিজবুল্লাহর কাছে অর্থ পাচারের অভিযোগে আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
সূত্র: টিআরটি উর্দু।
এ.আই.এল/সকালবেলা