ফেনী প্রতিনিধি: "সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত" —এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং সেইফটি দিবস-২০২৬ পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও কলকারখানা অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি। শ্রমিকের নিরলস পরিশ্রমেই গড়ে ওঠে দেশের অর্থনীতি। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। শ্রমবান্ধব নীতি ও কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান তাঁরা।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) ফাহমিদা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা কান্তা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেনী কলকারখানা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক ইঞ্জিনিয়ার শরীফ আহমেদ আজাদ।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার শামীমা আক্তারের সঞ্চালনায় সভায় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমদ ভূঞাসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এ.আই.এল/সকালবেলা