অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার পর নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্ট বৃষ্টির ভাইয়ের কাছে ফোন করে উদ্ধারকৃত মরদেহের পরিচয় নিশ্চিত করেছে।
শুক্রবার (১ মে) ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে।
ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে বৃষ্টির মরদেহ দ্রুত দেশে পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। বৃষ্টির পরিবার সরকারের কাছে মরদেহটি বাংলাদেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে বৃষ্টির মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার করে পুলিশ। একই দিনে নিখোঁজ হওয়া অপর বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহও উদ্ধার করা হয়। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করছিলেন।
এদিকে, জামিল আহমেদ লিমনের মরদেহ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগামীকাল ২ মে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে। দুবাই হয়ে আগামী ৪ মে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এ.আই.এল/সকালবেলা