ভাঙ্গায় নিখোঁজের ৩ দিন পর লাশ উদ্ধার

আমিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ণ
ভাঙ্গায় নিখোঁজের ৩ দিন পর লাশ উদ্ধার

আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর আড়িয়াল খাঁ নদ থেকে নির্মল মালো (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১ মে) বিকেলের দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়ন সংলগ্ন নদ থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নির্মল মালো উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামের খেত্তর মালোর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। আজ বিকেলের দিকে আড়িয়াল খাঁ নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে স্বজনরা এসে তাঁর পরিচয় শনাক্ত করেন।

ভাঙ্গা থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এদিকে, নিখোঁজের তিন দিন পর মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন