সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের উত্তর মোড়াইল এলাকায় একটি নির্মাণাধীন ১০ তলা ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুক মিয়া (৩০) নামে এক ওয়ার্কশপ কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাগর মিয়া (২৫) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুক মিয়া উত্তর মোড়াইল এলাকার তোফায়েল আহমেদের ছেলে এবং স্থানীয় ‘কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’-এর কর্মী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে মাসুকসহ পাঁচজন শ্রমিক অ্যাডভোকেট মিন্টু ভৌমিকের মালিকানাধীন ওই ভবনে গ্রিল ও সেফটি অ্যাঙ্গেল বসানোর কাজ করতে যান। সন্ধ্যার দিকে তৃতীয় তলায় কাজ করার সময় একটি লোহার রড অসাবধানতাবশত রাস্তার পাশের উচ্চভোল্টেজ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। এতে মাসুক মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে দ্বিতীয় তলায় পড়ে গুরুতর আহত হন।
সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুক মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত নাগর মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় বিদ্যুৎ লাইনের গা-ঘেঁষে বহুতল ভবন নির্মাণের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সুরক্ষা সরঞ্জাম (Safety Gear) ব্যবহার না করায় স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এ.আই.এল/সকালবেলা