ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সাখাওয়াত হোসেন জয়: জামাল ভূঁইয়া থেকে শুরু করে হামজা চৌধুরী—বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে। এই জোয়ারকে কাজে লাগিয়ে জাতীয় দলের পাইপলাইন আরও শক্তিশালী করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের সুশৃঙ্খলভাবে খুঁজে বের করতে একটি বিশেষ আন্তর্জাতিক স্কাউটিং টিম গঠনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে বর্তমান কমিটি এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে। মূলত জাতীয় দলের সাবেক কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দেওয়া আইডিয়া থেকেই এই উদ্যোগ। অতীতে ব্যক্তি উদ্যোগে বা সামাজিক মাধ্যমে যোগাযোগ করে অনেকে ট্রায়াল দিতে এলেও তাদের মান নিয়ে প্রশ্ন ছিল। তাই এবার নির্দিষ্ট মানদণ্ড বজায় রেখে পেশাদার স্কাউটিংয়ের দিকে ঝুঁকছে ফেডারেশন।
জোনভিত্তিক স্কাউটিং ও কঠোর মানদণ্ড: বাফুফে সহসভাপতি ফাহাদ করিম জানান, প্রবাসীদের সংখ্যা বেশি এমন অঞ্চলগুলোকে কয়েকটি জোনে ভাগ করা হবে। বিশেষ করে ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের (সুইডেন, ডেনমার্ক) দেশগুলোতে এই কার্যক্রম চালানো হবে। তবে পাড়া-মহল্লায় খেলা কেউ চাইলেই ট্রায়ালে আসতে পারবেন না। একটি নির্দিষ্ট স্তর বা 'টায়ারে' খেলার অভিজ্ঞতা থাকলেই কেবল তারা রেজিস্ট্রেশন করতে পারবেন।
পেশাদার নিয়োগ ও প্রক্রিয়া: স্কাউটিং টিমের সদস্যদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। বিদেশে দীর্ঘদিনের কোচিং অভিজ্ঞতা আছে বা বড় কোনো একাডেমির দায়িত্বে আছেন, এমন পেশাদার ব্যক্তিদেরই এই টিমে যুক্ত করা হবে। তারা নির্দিষ্ট দেশে নির্ধারিত দিনে স্কাউটিং করবেন এবং বাফুফের দেশি কোচদের চাহিদা অনুযায়ী প্রতিভাবান ফুটবলারদের তালিকা তৈরি করবেন।
সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুই ভাই রোনান ও ডেকলান সুলিভানের নজরকাড়া পারফরম্যান্স বাফুফেকে এই পরিকল্পনায় আরও গতি দিয়েছে। এর ফলে ভবিষ্যতে হামজা চৌধুরী বা শমিত সোমদের মতো উচ্চমানের ফুটবলাররা আরও সহজে বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়ানোর সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ