ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ণ
ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

সকালবেলা নিউজ: ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত আন্তর্জাতিক এক সেমিনারের ফাঁকে সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভারত সরকার যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানিয়েছে, তাতে ঢাকা সন্তুষ্ট নয়। ব্রিকস সম্মেলনে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে সরাসরি আমন্ত্রণ জানানো হয়নি; বরং বিমসটেকের চেয়ারপারসন হিসেবে এ আমন্ত্রণ দেওয়া হয়েছিল। এই আমন্ত্রণের প্রক্রিয়ায় সন্তুষ্ট না হওয়ায় নয়াদিল্লির এই সম্মেলনে তিনি অংশ নিচ্ছেন না। তবে সুবিধাজনক সময়ে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সফর হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজক দেশ হিসেবে ভারতের পক্ষ থেকে বিমসটেকভুক্ত দেশের প্রধানদের সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন