স্পেনের পেশাদার ফুটবল ক্লাব কিনছেন লিওনেল মেসি

প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ণ
স্পেনের পেশাদার ফুটবল ক্লাব কিনছেন লিওনেল মেসি
লিওনেল মেসি

নিজস্ব প্রতিবেদক: ফুটবল পায়ে দীর্ঘদিন মাঠ কাঁপানোর পর এবার ফুটবল ক্লাবের মালিকানায় নিজের মনোযোগ বাড়াচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। স্পেনের দ্বিতীয় বিভাগের (লা লিগা ২) ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব 'সিডি এলদেনসে' কিনতে যাচ্ছেন তিনি। চুক্তিটি চূড়ান্ত হলে এটিই হবে স্প্যানিশ ফুটবলে মেসির মালিকানাধীন প্রথম পেশাদার কোনো ফুটবল ক্লাব।

এর আগে স্পেনের পঞ্চম স্তরের আধা-পেশাদার ক্লাব 'ইউই করনেল্লা'র একক মালিকানা নিজের নামে করেছিলেন তিনি। এবার স্প্যানিশ সংবাদমাধ্যমের সূত্র ধরে আন্তর্জাতিক বার্তা সংস্থা নিশ্চিত করেছে, সিডি এলদেনসের অধিকাংশ শেয়ারের মালিক ‘থি সলুসিওনেস গ্রুপ এসএএস’-এর কাছ থেকে ক্লাবটির সমস্ত শেয়ার কিনে নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত সম্পন্ন করেছেন মেসি। স্পেনের হাই কাউন্সিল ফর স্পোর্টসের (সিএসডি) আনুষ্ঠানিক অনুমোদন মিললেই কয়েক দিনের মধ্যে চুক্তির ঘোষণা আসবে।

আলিকান্তে প্রদেশের প্রায় ৫৫ হাজার বাসিন্দার শহর এলদায় ১০০ বছরেরও বেশি সময় আগে গড়ে ওঠে সিডি এলদেনসে। ক্লাবের ইতিহাসে সিংহভাগ সময় নিচের সারির লিগে কাটলেও সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বিনিয়োগের ওপর ভর করে গত চার মৌসুমের তিনটিতেই স্পেনের দ্বিতীয় বিভাগে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের এমএলএস ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে খেলোয়াড়ি চুক্তি শেষ হলে সেখানেও অংশীদারি পাওয়ার কথা রয়েছে এই বিশ্বজয়ীর।

মন্তব্য করুন