পাঁচবিবিতে মাদকসহ স্ত্রী আটক, পালালেন স্বামী
মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ টাস্কফোর্সের অভিযানে ৬৫৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা, মোবাইল ফোন ও দেশীয় ধারালো অস্ত্রসহ উম্মে হাবিবা নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার পশ্চিম উচনা গ্রামে কথিত সাংবাদিক ও মাদক কারবারি মো. শাহীন আলমের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে তাঁর স্বামী শাহীন আলম কৌশলে পালিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, শাহীন একটি বেসরকারি টেলিভিশনের হিলি স্থলবন্দর প্রতিনিধি পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিবিধ অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
জয়পুরহাট ২০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ২ লাখ ৩২ হাজার ৯৭ টাকা। গ্রেপ্তারকৃত নারী ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনি ব্যবস্থার জন্য পাঁচবিবি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনায় পলাতক আসামি শাহীনকে গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা