দৌলতদিয়া যৌনপল্লিতে আতঙ্ক: আরেক নারীর লাশ উদ্ধার
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অবস্থিত দৌলতদিয়া যৌনপল্লিতে ১২ দিনের ব্যবধানে আবারও এক নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে যৌনপল্লির একটি ভাড়া ঘর থেকে হুসনে আরা খাতুন (৩৫) নামের ওই যৌনকর্মীর মাথা থেঁতলানো লাশ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। নিহত নারী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুক্তাগাছা এলাকার আবু তালেবের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনের কোনো এক সময় দুর্বৃত্তরা বসতঘরে ঢুকে মাথায় শক্ত বস্তু বা ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করে পালিয়ে যায়। সন্ধ্যায় প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের কথিত স্বামীকে আটক করেছে পুলিশ। পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় যৌনপল্লি এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা