বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার
সাঈদ পান্থ, বরিশাল: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়কের একটি ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। নিহত রুনা আক্তার বরিশাল সরকারি বিএম কলেজের শিক্ষার্থী ছিলেন। তাঁর স্বামী শাওন ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত বলে জানা গেছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন উল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। জানা গেছে, রুনার স্বামী শাওন তাঁর মামাতো ভাই এবং প্রেমের সম্পর্কের পর পরিবারকে না জানিয়ে তাঁরা বিয়ে করেন। ঘটনার আগের রাতে ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলার পর রুনা আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
এআইএল/সকালবেলা