মাদকাসক্ত চাচাতো ভাইকে পুলিশে দিলেন যুবদল নেতা
মোঃ শরীফ উদ্দিন (নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি): ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকবিরোধী অভিযানে নিজের চাচাতো ভাইকে পুলিশের হাতে তুলে দিয়ে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জামাল আহমেদ। আত্মীয়তার সম্পর্কের ঊর্ধ্বে উঠে মাদকের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নেওয়ায় স্থানীয় সচেতন মহলের মাঝে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা এলাকার সালাম বাজারে এলাকাবাসীর সহযোগিতায় মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিজের চাচাতো ভাই জসীমকে আটক করে নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন যুবদল নেতা জামাল আহমেদ। পরে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলামের নির্দেশনায় পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।
এর পরদিন শনিবার (৩১ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মোবাইল কোর্টে অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত জসীমকে ২০০ টাকা অর্থদণ্ড ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের মতো মারাত্মক সামাজিক ব্যাধি নির্মূল করতে হলে দলীয় পরিচয় বা আত্মীয়স্বজনের পরোয়া না করে এভাবেই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। নিজের পরিবারের সদস্যের বিরুদ্ধে যুবদল নেতা জামালের এই সাহসী পদক্ষেপ সমাজ গঠনে অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন তারা। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের এমন সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
এআইএল/সকালবেলা