ভাববেন না বিএনপি ভাইসা আসছে: মির্জা আব্বাস
সকালবেলা অনলাইন: বিএনপির জনভিত্তি ও সাংগঠনিক শক্তি অত্যন্ত সুদৃঢ় উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি ভেসে আসেনি; এটি জামায়াতে ইসলামী কিংবা আওয়ামী লীগ নয়। তিনি স্পষ্ট করে বলেন, জনগণের শক্তিতে বলীয়ান হয়ে রাজপথের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার পূর্ণ সামর্থ্য বিএনপির রয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীতে দলীয় নেতাকর্মীদের এক সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘ভাববেন না যে আমরা শুধু ঘরে বসে লড়াই করি। আমাদের পায়ের শক্তি আছে, কোমরের জোর আছে এবং আমাদের শেকড় অত্যন্ত শক্ত। আর মহান আল্লাহর রহমতে এ দেশের সাধারণ জনগণই আমাদের মূল শক্তি। মনে রাখবেন, বিএনপি কোনো ভাসমান দল নয়—এটি জামায়াতে ইসলামী বা আওয়ামী লীগও নয়, এটি বিএনপি।’
রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছু ব্যক্তির হঠাৎ বিলাসী জীবনযাপনের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘কিছু তরুণ ছেলেপুলের পটপরিবর্তনের পর বিত্তবৈভব অস্বাভাবিকভাবে বেড়েছে। বড় বড় গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছে। এই টাকার উৎস কোথায়? গাড়িগুলো কার এবং জ্বালানি খরচ কে দিচ্ছে? জাতি তা জানতে চায়। আপনারা যদি আমাদের হিসাব চান, আমরা তা দিতে প্রস্তুত; কিন্তু আপনারা কি আমাদের মতো স্বচ্ছ হিসাব দেখাতে পারবেন?’
দলের ভেতর লুকিয়ে থাকা সুবিধাভোগী ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়ে মির্জা আব্বাস বলেন, ‘ভারত থেকে আওয়ামী লীগের কিছু নেতা দেশে ফিরে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো, আমাদের দলের কিছু লোক টাকার বিনিময়ে তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।’
তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দেন, ‘বিএনপির শত্রু আমার শত্রু, আর আমার শত্রু মানেই বিএনপির শত্রু। কোনো অপরাধী যদি আমার বা দলের ঘনিষ্ঠ কেউও হয়, তাকে এক চুল ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ হোক কিংবা দলের ভেতরে ঘাপটি মেরে থাকা কোনো ষড়যন্ত্রকারী—সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।’
এআইএল/সকালবেলা