কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় প্রকাশ
বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক এলাকার 'টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে' ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের করুণ মৃত্যু হয়েছে। এই ঘটনায় দগ্ধ ও আহত আরও কয়েকজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করেছে।
অগ্নিকাণ্ডে নিহতরা হলেন—রাজধানী ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)।
এ ঘটনায় দগ্ধ ও আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন, তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খানসহ ৬ জনকে। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ড. সবুক্তগীন মাহমুদ সোহেল জানান, দগ্ধ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম ও সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য জানান, পুরো কাঠের তৈরি ৯ কক্ষের রিসোর্টটিতে আগুন লাগার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট চেষ্টা চালিয়ে বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়। সেখান থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, আগুন লাগার মূল কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে।
এআইএল/সকালবেলা