মডেল মসজিদ থেকে চুরি হয়ে যাচ্ছে ট্যাপ-ঝরনা

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ণ
মডেল মসজিদ থেকে চুরি হয়ে যাচ্ছে ট্যাপ-ঝরনা

বিশেষ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পরপর দুই দফা চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মসজিদের ওজুখানা ও বাথরুমের একাধিক ট্যাপ, ঝরনাসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন কক্ষ ভাঙচুর করেছে।

আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুরে মডেল মসজিদের কেয়ারটেকার আলমগীর হোসেন চুরির বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন।

কেয়ারটেকার আলমগীর হোসেন জানান, গত শনিবার (২৫ জুলাই) রাতে চুরির এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ডাইনিং কক্ষের সানশেডের টাইলস খুলে ভবনের ভেতরে প্রবেশ করে বাথরুম থেকে দুটি ট্যাপ ও দুটি বড় ফিটিংস চুরি করে। পরবর্তীতে তারা ভবনের দক্ষিণ পাশের গেটের তালা ভেঙে প্রথম থেকে তৃতীয় তলা পর্যন্ত একাধিক অফিস কক্ষ তছনছ করে। এ সময় পাঁচটি বাথরুমের তালা ভাঙার পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনের বাথরুম থেকে আরও ১৪টি ট্যাপ খুলে নিয়ে যায় চোরেরা।

এর আগে গত ১৫ জুলাই সকালে জেনারেটর কক্ষের পাশের ওজুখানা ও বাথরুমের গ্রিলের ফাঁক দিয়ে ঢুকে চোরচক্র ১৯টি ট্যাপ ও একটি ঝরনা চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ থানায় জমা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম বলেন, "বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি এবং কেয়ারটেকার লিখিতভাবে জানিয়েছেন। প্রাথমিকভাবে ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কিছু অবহেলার প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন