দিনাজপুরে সীমান্তবর্তী যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ণ
দিনাজপুরে সীমান্তবর্তী যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

মোঃ তাজুল ইসলাম, দিনাজপুর: দিনাজপুরের সীমান্তবর্তী এলাকার বেসামরিক যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর আয়োজনে বিশেষ কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এবং দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে বিজিবি দিনাজপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর তানিম হাসান খান, মেডিকেল অফিসার ক্যাপ্টেন এস এম মাহদী জামান, বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এবং ৪২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ মাহফুজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, "সীমান্ত অঞ্চলের যুবসমাজকে কারিগরি দক্ষতায় সমৃদ্ধ করা গেলে তারা মাদক, চোরাচালানসহ নানাবিধ সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে। একই সাথে দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারবে।"

জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে উল্লেখ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা সীমান্তবর্তী যুবসমাজের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণার্থীরা অর্জিত শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেদের আত্মনির্ভরশীল করে তুলবে।

উল্লেখ্য, গতকাল ২৭ জুলাই থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচি আগামী ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে। প্রথম ধাপে সীমান্তবর্তী এলাকার ১০ জন নির্বাচিত যুবক এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি প্রতিনিয়ত চোরাচালান, মাদক ও মানব পাচার প্রতিরোধসহ স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কাজ পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে এই প্রশিক্ষণ মডিউল সাজানো হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন