কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ণ
কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেলের আশু সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার (২৬ জুলাই ২০২৬) শহরের বত্রিশ এলাকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় এ প্রার্থনা সভার আয়োজন করে আখড়া পরিচালনা কমিটি। এতে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

প্রার্থনা সভায় বিএনপি নেতা খালেদ সাইফুল্লাহ সোহেলের দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৪ সালে রাজনৈতিক মামলায় পুলিশি রিমান্ডে থাকা অবস্থায় তিনি পা ও মেরুদণ্ডে গুরুতর শারীরিক নির্যাতনের শিকার হন। সে সময় মেরুদণ্ডে জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন থাকলেও রাজনৈতিক প্রতিকূলতা, একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার কারণে যথাযথ চিকিৎসা সম্ভব হয়নি। পরবর্তীতে কারাবন্দী থাকা অবস্থাতেও চিকিৎসার সুযোগ মেলেনি। তৎকালীন সময়ের সেই নির্যাতনের কারণে তাঁর মেরুদণ্ডে দীর্ঘমেয়াদি জটিলতা তৈরি হয়েছে, যার চিকিৎসা এখনো চলমান।

প্রার্থনা সভায় আগত ভক্ত ও শুভানুধ্যায়ীরা খালেদ সাইফুল্লাহ সোহেল দ্রুত সুস্থ হয়ে আবারও সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ফিরে আসবেন বলে আশা ব্যক্ত করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন