ফেসবুক লাইভে ইউপি সদস্য তুলারামের আত্মহত্যা

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ণ
ফেসবুক লাইভে ইউপি সদস্য তুলারামের আত্মহত্যা

মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে তুলা রাম (৩৫) নামের এক ইউপি সদস্য আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ৫ নম্বর বাচোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) রাতে নিজের ‘Tula Roy’ নামের ফেসবুকে লাইভে এসে তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে তাঁকে উদ্ধার করা হলেও তিনি মারা যান বলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত তুলা রাম বাচোর এলাকার ভবেশ চন্দ্র রায়ের একমাত্র সন্তান এবং দুই সন্তানের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই তুলা রাম তীব্র মানসিক হতাশায় ভুগছিলেন। এ ছাড়া পারিবারিক নানান বিষয় নিয়ে তিনি বিচলিত ছিলেন। পরিবারের সদস্যরা তাঁকে সান্ত্বনা ও বোঝানোর চেষ্টা করলেও তিনি বিষণ্নতা কাটিয়ে উঠতে পারেননি।

বাচোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতেন্দ্রনাথ রায় জানান, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তুলা রাম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যে, এই হতাশা থেকেই তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ সৎকার ও দাহ করার অনুমতি দেওয়া হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন