ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার চাঞ্চল্যকর আলী আহমেদ হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি মনির হোসেনকে (৩২) ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মনির হোসেন জেলার বিজয়নগর উপজেলার চাউরা খোলা গ্রামের হামদু মিয়ার ছেলে। তিনি ওই হত্যা মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, আলী আহমেদ হত্যাকাণ্ডের পর থেকেই আসামি মনির হোসেন এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। তিনি একজন পেশাদার অপরাধী এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মামলায় তাঁর বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা (জিআর ওয়ারেন্ট) জারি ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত মনির হোসেনকে কসবা থানায় রেখে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের নেপথ্য কারণ ও অন্য আসামিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিচারালয়ে সোপর্দ করা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন