সোনারগাঁওয়ে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ণ
সোনারগাঁওয়ে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বাসায় ঢুকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে রাজু আহমেদ (৩২) নামের এক খামারিকে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি স্থানীয়ভাবে বিএনপির কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

গত কাল রোববার (২৬ জুলাই ২০২৬) রাত ১১টার দিকে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ ওই গ্রামের আয়নাল হকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যার দিকে চরহোগলা গ্রামের বালুরঘাট এলাকায় রাজু আহমেদের ফুফাতো ভাইয়ের সঙ্গে স্থানীয় শাহাদাত বাহিনীর প্রধানের সহযোগী নুরুল হক ও জাকিরের কথা কাটাকাটি হয়। খবর পেয়ে রাজু আহমেদ সেখানে গিয়ে বিষয়টি মীমাংসা করে দেন এবং বাড়িতে ফিরে আসেন।

এরই জেরে রাত ১১টার দিকে শাহাদাত বাহিনীর প্রধানের নেতৃত্বে ১৫-২০ জনের একটি অস্ত্রধারী সশস্ত্র দল রাজুর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় রাজুকে বাঁচাতে গিয়ে পরিবারের কয়েকজন সদস্যও আহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় স্বজনেরা রাজুকে উদ্ধার করে পার্শ্ববর্তী মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

সোনারগাঁও থানা পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন