বিমানবন্দরে মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

প্রকাশ: শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ণ
বিমানবন্দরে মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

সকালবেলা প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি ও লাগেজ সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অতিরিক্ত যাত্রীর চাপের কারণে বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের লাগেজ গ্রহণে বিলম্ব হলে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সেখানে গেলে মেজর (অব.) আখতারুজ্জামান তাঁর সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেন এবং গায়ে হাত তোলার হুমকি দেন। একই সময়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে নিয়েও কটু মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

ঘটনার সময় তাঁর সহযোগীরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করতে গেলে নিরাপত্তার দায়িত্বে থাকা ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সাবেক এই এমপি তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়। এ ছাড়া তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ফেলে দেন এবং বিমান কর্মকর্তাদের সঙ্গে অতর্কিত উগ্র আচরণ করেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজে বিঘ্ন ঘটানো এবং হুমকি ও মারধরের অভিযোগে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিক নেম: এআইএল/সকালবেলা


মন্তব্য করুন